কাশ্মির সীমান্তে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি, সীমান্তজুড়ে উত্তেজনা
কাশ্মির সীমান্তে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি, সীমান্তজুড়ে উত্তেজনা
—
সংবাদ রিপোর্ট (দৈনিক বরগুনা ডেস্ক):
ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মির ও পাঞ্জাব প্রদেশের বিভিন্ন এলাকায় পাকিস্তানের সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টার দিকে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) ও আন্তর্জাতিক সীমান্তের আরএস পুরা, আরনিয়া, সাম্বা, হিরানগর এলাকায় হামলা হয়েছে।
এনডিটিভি জানিয়েছে, রাত ৯টার কিছু আগে জম্মু-কাশ্মিরে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায় এবং শহরজুড়ে ব্ল্যাকআউট করে সাইরেন বাজিয়ে মানুষকে সতর্ক করা হয়। স্থানীয় বাসিন্দারা মোবাইলে ধারণ করা ভিডিওতে আকাশে আলোর ঝলকানি ও বিস্ফোরণের দৃশ্য এনডিটিভিকে পাঠিয়েছেন। ধারণা করা হচ্ছে, ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাকিস্তানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার সময় এসব ঘটনা ঘটে।
জম্মু-কাশ্মিরের কিছু এলাকায় মোবাইল ফোন পরিষেবা সীমিত করা হয়েছে, এবং পাঞ্জাবের ফিরোজপুর, গুরুদাসপুর ও রাজস্থানের কিছু অংশে ব্ল্যাকআউট ঘোষণা করা হয়েছে। পাকিস্তানের এই হামলা ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর একদিন পর হয়েছে বলে স্থানীয় সূত্রের দাবি।
এর আগে বুধবার রাতে ভারত অন্তত ৯টি পাকিস্তানি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যেখানে ২৪টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। পাকিস্তানের সেনাবাহিনী জানায়, তারা ২৫টি ইসরায়েলি হারোপ ড্রোন গুলি করে নামিয়েছে।
পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী ভারতের হামলার দাবিকে ‘ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত’ বলে আখ্যা দিয়েছেন।
সূত্র: এনডিটিভি, ডন

