আফতাবনগর ও মেরাদিয়ায় পশুর হাট বন্ধে হাইকোর্টের আদেশ বহাল রাখলেন চেম্বার আদালত
ঈদুল আজহায় ঢাকার দুটি এলাকায় বসছে না অস্থায়ী হাট
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর আফতাবনগর ও মেরাদিয়া এলাকায় অস্থায়ী পশুর হাট না বসানোর বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
বুধবার (২১ মে) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এই আদেশ দেন। এর ফলে এ দুই এলাকায় এ বছর কোরবানির পশুর হাট বসানো যাবে না।
এর আগে, গত ৫ মে হাইকোর্ট ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন বাড্ডা ইস্টার্ন হাউজিংয়ের আফতাবনগরের দুটি ব্লক ও স্যানভ্যালির আংশিক এলাকায় পশুর হাট বসানোর ওপর স্থগিতাদেশ জারি করেন। বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।
তদ্ব্যতীত, গত ২৯ এপ্রিল একই বেঞ্চ রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় পশুর হাট বসানো নিষিদ্ধ করে আদেশ দিয়েছিলেন।
আদালতের এই নির্দেশনার ফলে আফতাবনগর ও মেরাদিয়া এলাকার পরিবেশ ও জনদুর্ভোগের শঙ্কা থেকে মুক্ত থাকবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।










