অবশেষে দাড়িপাল্লা প্রতীকেই জামায়াতকে নিবন্ধন ফেরত দেয়ার সিদ্ধান্ত নিলো নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফেরত পাচ্ছে। বুধবার (৪ মে) বিকালে এ তথ্য নিশ্চিত করেন তিনি। তিনি বলেন আদালতের রায় ও সংশ্লিষ্ট বিষয় পর্যবেক্ষণের পর এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
কমিশন সভা শেষে তিনি বলেন, তারা আদালতের রায় পর্যবেক্ষণ করে এক রিট পিটিশনে জামায়াতকে দাড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দেয়ার আদেশ পেয়েছেন। সেই আদেশেই এই প্রতীকে নিবন্ধন পেতে যাচ্ছে দলটি।
তিনি বলেন, আরপিওতে আছে রাজনৈতিক দলকে মার্কা দিলে সেটি সেই দলের জন্য সংরক্ষিত রাখতে হবে। ফুল কোর্ট তাদের প্রতীক বাতিলের আদেশ দিয়েছিলেন। তবে পরে করা এক রিট পিটিশনে আদালত বলেছিলেন দাড়িপাল্লা জামায়াতকে দিলে আদালতের মান ক্ষুণ্ণ হবে না। বুধবার (৪ জুন) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।
গত সোমবার (২ জুন) নির্বাচন কমিশনে দাড়িপাল্লা প্রতীকে নিবন্ধন ফেরত পাওয়ার আবেদন করে জামায়াত।
এর আগে চলতি মাসের ১ তারিখ রাজনৈতিক দল হিসাবে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বাতিল করেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর আপিল শুনানি করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারকের বেঞ্চ এ রায় দেন।
পহেলা জুন নিবন্ধন ও অন্যান্য বিষয়ে দলটির করা আবেদন নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দেন আদালত। সর্বোচ্চ আদালত বলেছিলেন, দলটির ক্ষেত্রে পেন্ডিং রেজিস্ট্রেশন ইস্যু এবং অন্য কোনো ইস্যু যদি থেকে থাকে, তা সাংবিধানিক ম্যান্ডেট অনুযায়ী নিষ্পত্তি করতে ইসিকে নির্দেশ দেয়া হলো।










