ট্রাক্টরের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী হাফেজ নিহত।
চুয়াডাঙ্গা প্রতিনিধি | ১০ জুন ২০২৫
চুয়াডাঙ্গা সদর উপজেলার গহেরপুর-সড়াবাড়িয়া সড়কে ট্রাক্টরের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় আবু হুজাইফা শুভ (২০) নামে এক কোরআনের হাফেজ নিহত হয়েছেন। এ ঘটনায় তার ফুফাতো ভাই সোলাইমান হক (২০) গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার বিকেল ৩টার দিকে আক্কাস লেক ভিউ পার্ক থেকে ফেরার পথে গহেরপুর ব্রিক ফিল্ডের কাছে একটি ট্রাক্টরের পেছনে ধাক্কা দেয় তাদের মোটরসাইকেলটি। এতে নিয়ন্ত্রণ হারিয়ে তারা ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে শুভকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত হাফেজ শুভ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামের বাসিন্দা এবং যশোরের একটি কওমি মাদ্রাসার ছাত্র ছিলেন। স্থানীয়দের মতে, তিনি সদালাপী ও ধর্মপ্রাণ একজন তরুণ ছিলেন।










