বরগুনায় সুবিধাবঞ্চিতদের মাঝে বাংলাদেশ নৌবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান
বরগুনা, ২৩ জুন ২০২৫ — সামাজিক দায়বদ্ধতা ও মানবিক সহায়তার অংশ হিসেবে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ নৌবাহিনী। আজ সোমবার (২৩ জুন) উপজেলার ‘সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা’ প্রাঙ্গণে এ মেডিক্যাল ক্যাম্প আয়োজন করে নৌবাহিনী কন্টিনজেন্ট বরগুনা।
অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসক দল দিনব্যাপী এই ক্যাম্প পরিচালনা করেন। এতে স্থানীয় ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত নারী, পুরুষ ও শিশু সহ তিন শতাধিক রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। তাদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করা হয়। সাধারণ রোগের পাশাপাশি জটিল রোগেও পরামর্শ ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
চিকিৎসাসেবা গ্রহণকারী স্থানীয়রা নৌবাহিনীর এ মহৎ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং কৃতজ্ঞতা জানান। তাদের মতে, দূরবর্তী ও প্রত্যন্ত অঞ্চলে এ ধরনের চিকিৎসাসেবা অত্যন্ত জরুরি ও সময়োপযোগী।
উল্লেখ্য, উপকূলীয় ও দুর্গম অঞ্চলের সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিতভাবে এ ধরনের মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এমন সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।










