রহমাতুল্লাহ রিয়াজ, স্টাফ রিপোর্টার
বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর স্ত্রী মাধবী দেবনাথের নামে রাজধানীতে থাকা দুটি ফ্ল্যাট জব্দ ও সাতটি ব্যাংক একাউন্ট অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত ।
মঙ্গলবার (৬ মে) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন । দুদকের পক্ষে সহকারী পরিচালক মো. রুহুল হক জব্দ ও অবরুদ্ধের আবেদন করেন । দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন ।
জব্দ হওয়া সম্পদের মধ্য রয়েছে রাজধানীর গুলশান-১ এ থাকা ২৮৪৬ বর্গফুটের একটি ফ্ল্যাট ও গ্যারেজের গাড়ি পার্কিং স্পেস, যার দলিলমূল্য ২৯ লাখ ৪৫ হাজার টাকা । এছাড়াও রয়েছে বসুন্ধরা আবাসিক এলাকায় থাকা ১৫৬৩ বর্গফুটের আরও একটি ফ্ল্যাট, যার দলিলমূল্য ৫৩ লাখ ২৪ হাজার টাকা ।
এছাড়াও অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে মাধবী দেবনাথের নামে বিভিন্ন ব্যাংকে থাকা সাতটি একাউন্ট । এসব একাউন্টে ৫১ লাখ ৭০ হাজার ৮৯৭ টাকা জমা রয়েছে ।
দুদকের আবেদনে বলা হয়, অভিযুক্তের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা চলমান । মামলা নিষ্পত্তি হওয়া পর্যন্ত এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ দেওয়া প্রয়োজন । অন্যথায়, এসব সম্পদ হস্তান্তর বা বিক্রি হয়ে যেতে পারে ।










