বিশ্ব পরিবেশ দিবসে বরগুনায় সচেতনতার বার্তা: বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত।
বরগুনা সদর উপজেলার এম. বালিয়াতলী ইউনিয়নের পশ্চিম মনসাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে “ধরিত্রীর রক্ষায় আমরা (ধরা)” এবং “ওয়াটার কিপারস বাংলাদেশ – বরগুনা শাখা” এর উদ্যোগে আজ ৫ জুন অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও ফলদ-বনজ বৃক্ষরোপণ কর্মসূচি।
দুপুর ১২টায় শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহমিনা নিলুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান, শিক্ষক মোঃ আব্দুস সালাম, ‘ধরা’ বরগুনা শাখার সদস্য সচিব মুশফিক আরিফ এবং ছাত্রদল নেতা মোঃ ফিরোজুজ্জামান নাদিম।
আলোচনা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে আম, কাঁঠাল, পেয়ারা, আমলকি, বকফুল, অর্জুন, বহেরা, আমড়া, কৃষ্ণচূড়া, ঝাউসহ প্রায় ৪০টি ফলজ ও বনজ চারা রোপণ করা হয়।
আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিবেশ রক্ষায় সামাজিক সচেতনতার দৃঢ় প্রকাশ ঘটে।










