বরগুনায় পৌর টোল বাতিল: জনবান্ধব সিদ্ধান্ত জেলা প্রশাসকের, আন্দোলনের সফল পরিণতি
স্টাফ রিপোর্টার | বরগুনা |
বরগুনা পৌরসভায় সকল ধরনের টোল আদায় সম্পূর্ণরূপে বাতিল ঘোষণা করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। ব্যবসায়ী সমাজ ও নাগরিকদের দীর্ঘদিনের দাবি এবং ইসলামি আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার নেতৃবৃন্দের ধারাবাহিক প্রচেষ্টার প্রেক্ষিতে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাতিল হওয়া টোলের মধ্যে উল্লেখযোগ্য হলো—
প্রতি বস্তা সিমেন্টে ২ টাকা,
বালুতে ১ টাকা এবং
দোকানপ্রতি ১০০ টাকার অতিরিক্ত কর।
এই সিদ্ধান্তের আওতায় পহেলা বৈশাখের পর জারিকৃত সব ধরনের পৌর টোল বাতিল বলে গণ্য হবে। একইসঙ্গে পৌর সচিবকে ডেকে ইজারাদারদের কাছ থেকে আদায়কৃত অর্থ ফেরত দেওয়ার নির্দেশও প্রদান করা হয়েছে।
টোল বাতিলের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সভাপতি মুফতী মিজানুর রহমান কাসেমী বলেন,
“এই টোল বাতিল বরগুনাবাসীর জন্য এক ঐতিহাসিক বিজয়। দীর্ঘদিন ধরে আমরা এ বিষয়ে কাজ করে এসেছি। আল্লাহর রহমতে, প্রশাসনের সদিচ্ছা ও জনতার দাবি মিলেই আজ এ সিদ্ধান্ত বাস্তব হয়েছে।”
তিনি আরও বলেন, “বরগুনা জেলা প্রশাসক জনাব মোহাম্মদ শফিউল আলম সাহেব জনগণের পক্ষে দাঁড়িয়ে যে সাহসী সিদ্ধান্ত নিয়েছেন, আমরা তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাঁর উত্তম প্রতিদানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছি।”
ইসলামী আন্দোলনের অন্যান্য জেলা নেতৃবৃন্দেরাও টোল বাতিলের দাবিতে একনিষ্ঠভাবে কাজ করে আসছিলেন। বিভিন্ন সময়ে সভা, মানববন্ধন, স্মারকলিপি ও গণসচেতনতা সৃষ্টির মাধ্যমে তাঁরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
ব্যবসায়ীরা জানান, অতিরিক্ত টোলের কারণে পণ্যের দামে প্রভাব পড়তো এবং সাধারণ জনগণকেই ভোগান্তি পোহাতে হতো। এখন এই টোল বাতিলের ফলে ব্যবসা সহজ হবে এবং ভোক্তারা স্বস্তি পাবে।
বরগুনার সচেতন মহল মনে করছে, এই সিদ্ধান্ত শুধু একটি প্রশাসনিক ঘোষণা নয়, বরং এটি একটি যুগান্তকারী পদক্ষেপ যা জনস্বার্থকে প্রাধান্য দেওয়ার একটি বাস্তব উদাহরণ।
এই ধরণের কার্যকর ও সাহসী পদক্ষেপের মধ্য দিয়ে জনগণের প্রশাসনের প্রতি আস্থা আরও দৃঢ় হবে বলেও আশা প্রকাশ করেন তারা।










