পাথরঘাটায় ১৭ বস্তা সামুদ্রিক মাছ জব্দ
সাকিল আহমেদ (পাথরঘাটা)
বরগুনার পাথরঘাটায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাসে পাচারের সময় ইলিশসহ বিভিন্ন প্রজাতির ১৭ বস্তা সামুদ্রিক মাছ জব্দ করেছে মৎস্য বিভাগ। সোমবার (২৭ মে) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা পৌরসভার তালতল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এই মাছ জব্দ করা হয়। যার ওজন আনুমানিক ৭৫০ কেজি।
উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হকের নেতৃত্বে এই অভিযানে ইমা পরিবহন, বিএম লাইন, জেবি এক্সপ্রেস ও ইতি পরিবহন নামের চারটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মাছগুলো জব্দ করা হয়। বর্তমানে সমুদ্রে ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা চলমান থাকায় এই মাছগুলো ধরা ও পরিবহন সম্পূর্ণ বেআইনি।
জব্দকৃত মাছের একটি অংশ স্থানীয় মাদ্রাসার এতিমখানায় বিতরণ করা হয়েছে। বাকি মাছগুলো নিলামে ১ লাখ ৪০ হাজার টাকায় বিক্রি করে সেই অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা হাসিবুল হক।
তিনি বলেন, নিষেধাজ্ঞা চলাকালে এভাবে অবৈধভাবে মাছ আহরণ ও পাচারের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।










